
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচরে নৌকাটি ফেলে পালিয়ে যায়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদক ও নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।